এ মুহূর্তের সংবাদ

সাফজয়ী রূপনা-ঋতুপর্ণার বাড়িতে জেলা প্রশাসক

দু’জনের পরিবারকে দিলেন ৩ লাখ টাকার চেক

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »

সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অদম্য গোলকিপার রূপনা চাকমাও ঋতুপর্ণা চাকমার বাসায় মিষ্টি ফলমূলসহ নানান উপহার নিয়ে গেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি তাদের পরিবারের হাতে নগদ দেড় লক্ষ করে টাকার চেকও তুলে দেন। সোমবার শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের বিজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন রূপনা ও ঋতুপর্ণা।

জেলা প্রশাসক আবেগে আপ্লুত হয়ে রূপনা ও ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এসময় তিনি নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থলে নতুন ঘর নির্মাণের এবং তার বাসায় যাওয়ার সড়কটি তৈরি করে দেয়ার নির্দেশনা দেন।

নানিয়ারচরের ঘিলাছড়ির ভূঁইয়াদম এলাকায় রূপনার বাসা বেরিয়ে জেলা প্রশাসক আরেক জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমার বাসার যান।

ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে তার বাসায় পৌঁছে মিষ্টি ও উপহার তুলে দেন এবং তার পরিবারকে নগদ দেড় লক্ষ টাকার চেক দেন। একই সময় তিনি তার বাড়িতে যাওয়ার সড়কটি নির্মাণ করে দেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশ দেন। তিনি জেলা প্রশাসন তার পরিবারের পাশে থাকবে বলেও জানান।

এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার ও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, ‘রূপনা ও ঋতুপর্ণা আজ পুরো জাতির গর্ব। আমরা তাদের নিয়ে গর্বিত। তাদের পরিবারের পাশে আমরা থাকার চেষ্টা করব।’