টপ নিউজ

শাহ আমানতে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে পৃথকভাবে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশিতে সর্বমোট ১ হাজার ১২৮ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা।

এসব অবৈধ পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীরা হলেন কক্সবাজারের চকরিয়ার সেলিম উল্লাহ, নোয়াখালীর হাতিয়ার মো. রায়হান উদ্দিন এবং চট্টগ্রামের পটিয়ার মো. মনসুরুল আলম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটককৃত পণ্যের চালান জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।”