সুপ্রভাত ডেস্ক »
দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মে মাসে ৩৯৮ জন বিদেশি নাগরিকসহ মোট ৪৯০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান এবং গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
বুধবার (১০ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মে মাসজুড়ে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জনকে আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ছয়জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তে চলমান নজরদারি ও অভিযানের ফলে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্তে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত অতিক্রমের ঘটনায় বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে তিন কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, চার কেজি ১০০ গ্রাম রুপা, বিপুল পরিমাণ তৈরি পোশাক, কসমেটিকস, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, খাদ্যপণ্য, যানবাহন এবং অন্যান্য সামগ্রী।
মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয় ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা, তিন কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, দুই হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, আট হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৫২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
এছাড়া উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্র।


















































