বিশ্বকাপ
ইলিয়াস পাটোয়ারী
রাতভর খেলা চলে বাড়ে স্নায়ুচাপ,
খেলা দেখে দাদা-দাদি দেখে ছেলে-বাপ।
খেলা দেখে মা ও মেয়ে দেখে চাচা চাচী,
সকলেই দেখে খেলা বসে কাছাকাছি।
খেলা দেখে আর খায় কফি কাপ কাপ,
খেলা দেয় ছড়িয়ে যে মনে উত্তাপ।
জিতে যাক প্রিয় দল সকলেই চায়,
যায় যদি হেরে দল করে হায় হায়।
জিতে গেলে দল, মারে চিৎকার, লাফ,
খেলাটা যে ফুটবল বিশ্বকাপ।
প্রাণের ঐকতান
আ.ফ.ম.মোদাচ্ছের আলী
বাঁশি দিয়ে শুরু খেলা,
গান বাদনে রঙিন মেলা
একই বিশ্ব আজ,
নানান দেশের নানান বরণ
পতাকা রঙ মনোহরণ
বিশ্বজুড়ে সাজ।
লড়াইটা খুব থাকুক মাঠে
নয়তো সেটি পথে ঘাটে
ফুটবলেরই গান
আনন্দ আর খেলায় গানে
হার ও জিতের অভিমানে
প্রাণের ঐকতান।
বিশ্বকাপের হাওয়া
কাজী নাজরিন
চারিদিকে উত্তেজনা
বিশ্বকাপের হাওয়া
তর্কে তর্কে চলছে যুক্তি
ধাওয়া পাল্টা ধাওয়া।
জার্সি পরে ঘোরাঘুরি
চায়ের দোকান গরম
বিশ্বকাপের বইছে হাওয়া
উত্তেজনা চরম।
ফুটবল বিশ্বকাপ
জাহেদুল ইসলাম বাঁধন
বাপরে বাপ
বিশ্বকাপ
জিতবে এবার কারা!
সে আলাপে
বিশ্ব কাঁপে
দিগি¦দিক সাড়া।
ম্যাজিক তুলে
গণ্ডগোলে
এ পা-য় ও পা-য় বল,
জিতবে যারা
হইবে তারা
চ্যাম্পিয়নের দল।
বিশ্বকাপ
বিভাস গুহ
বিশ্বকাপের উন্মাদনায়
কাঁপছে পুরো দেশটা
বাদলা হাওয়ার মাঝেও তাই
উত্তপ্ত পরিবেশটা।
কারো প্রিয় নীল সাদা দল
কারো প্রিয় লাল
কেউবা আবার হলুদ দেখে
মারছে জোরে ফাল।
বিশ্বকাপে বিশ্ব কাঁপে,
কাঁপে সবার মন
প্রিয় দলের জয়ের জন্য
স্বপ্ন সারাক্ষণ।





















































