এ মুহূর্তের সংবাদ

বায়েজিদ বোস্তামীতে গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ এক শিশু হাসপাতালে

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে  রাজু (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১১) নামের আরও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন।

গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারের ভাই ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনার বিস্তারিত আমি জানি না। আমি দোকান করি। আমাদের বাসা রৌফাবাদ এলাকায়। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি আম্মু তাকে একটা কাজে পাঠিয়েছিলেন। সেখানে সে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আমার বোন হাসপাতালে মৃত্যুশয্যায়।’