বিজনেস

নির্মাণ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬

মানসম্মত নির্মাণ সামগ্রী, টেকসই প্রযুক্তি ও দেশীয় পণ্যের সমন্বয়ে পেশাজীবীদের জন্য তৈরি হচ্ছে জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক >>

স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের সাম্প্রতিক সম্ভাবনা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তিকে সামনে নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে আগামী ২০, ২১ ও ২২ আগস্ট নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

---------

এই উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় হোটেল র‌্যাডিসন ব্লু মেজবান প্রি-ফাংশন এরিয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সাব-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্মাণ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত নির্মাণ সামগ্রী সম্পর্কে স্থপতি, প্রকৌশলী, বিল্ডার্স, ডেভেলপারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের একটি সমন্বিত ধারণা দেওয়াই এই এক্সপোর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, একটি মানসম্মত নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কাঁচ, সিভিল ম্যাটেরিয়াল, টাইলস, সিরামিক, সিমেন্ট, স্টিলসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হয়। এসব উপকরণের মান, ব্যবহারযোগ্যতা ও সরবরাহ সক্ষমতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই আয়োজনে নির্মাণ শিল্পের প্রায় ১২টি গুরুত্বপূর্ণ খাত একসঙ্গে উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে টাইলস, সিরামিক, স্যানিটারি, সিমেন্ট, স্টিলসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে পণ্যের মান, সেবার সক্ষমতা এবং নির্ধারিত সময়ে সরবরাহের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নতমানের পণ্য সরবরাহকারী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে অংশগ্রহণ করছে।

এছাড়া তিন দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ স্থপতি, প্রকৌশলী ও নির্মাণ বিশেষজ্ঞরা **Sustainable Building, Project Management, Structural Engineering, Mechanical, Electrical and Plumbing (MEP)**সহ আধুনিক নির্মাণ প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলবায়ু পরিবর্তন ও টেকসই নির্মাণ নিয়ে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সমস্যা। বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতের নির্মাণ পরিকল্পনা করতে হবে।

তারা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক নির্মাণ সামগ্রী এবং টেকসই ডিজাইনের মাধ্যমে নিরাপদ ও দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরি করা সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের প্রাক্তন চেয়ারম্যান আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো সাব-কমিটির উপদেষ্টা মেহেদী ইফতেখার, বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্য (পেশা) অনিকেত চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ।

এবারের এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা।