আন্তর্জাতিক

ট্রাম্পের ‘সুইংয়ে’ পরাস্ত কমলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী

বুধবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সুপ্রভাত ডেস্ক »

ডোনাল্ড ট্রাম্পের ‘সুইংয়ে’ পরাস্ত হলেন কমলা হ্যারিস। রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্র্যাট প্রার্থী নিজেদের গড় বজায় রেখেছেন। কিন্তু যে সাতটি প্রদেশের উপরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারণ করছিল, সেখানে ট্রাম্পের সামনে দাঁড়াতেই পারলেন না কমলা। ৭-০ হল ফলাফল। আর সেই ‘সুইং’ রাজ্যে নিজেদের দিকে হাওয়া ঘুরিয়ে হোয়াইট হাউসে পৌঁছে গেলেন ট্রাম্প।

-advertise-

উইসকনসিনেও জিতে গেলেন ডোনাল্ড ট্রাম্প। যে রাজ্য থেকে ১০টি ইলেকটোরাল কলেজ আসে। ২০১৬ সালে যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও সেই প্রদেশে জিতেছিলেন। স্বল্প ব্যবধানে জিতেছিলেন। ২০২০ সালে হেরে গিয়েছিলেন। জিতেছিলেন জো বাইডেন। এবার কমলা হ্যারিস এবং ট্রাম্প দু’জনেই উইকনসিনে জোর দিয়েছিলেন। শেষে ট্রাম্প বাজিমাত করলেন।

উইসকনসিনের ১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ট্রাম্পের ভোট এখন ২৭৭, আর কমলা হ্যারিসের ২২৪।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জিতে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন।

এবারের নির্বাচনে ট্রাম্প ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে হারিয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি আরেক নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। কমলার সঙ্গে ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলে নজর ছিল সবার। তবে নির্বাচনের ফলাফলে অবশ্য তার প্রতিফলন দেখা যায়নি।

ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’

এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিং মেট জে ডি ভান্স।