এ মুহূর্তের সংবাদ

চাকসুর উদ্যােগে ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকাল ৩.৩০টায় চাকসু ভবনের ভিপি রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এ আন্দোলন ছিল ছাত্রজনতা, কৃষক, শ্রমিক ও শিক্ষকসহ আপামর জনসাধারণের আন্দোলন। তিনি বলেন, স্বৈরাচারি আমলে ছাত্র সংসদগুলো অকার্যকর ছিল। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অছাত্ররা থাকতো। জুলাইয়ের পর এসবের পরিবর্তন ঘটেছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিকতা সম্পন্ন জ্ঞান অর্জন করার আহ্বান জানান।

উপ-উপাচার্য (একাডেমিক) জুলাইকে ধারণ করার আহ্বান জানিয়ে আগামীতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বরের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (আহনাফ)।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের সেই ত্যাগের কাহিনী ও আজাদির চেতনাকে ধরে রাখতে তরুণদের এই সাহিত্যিক আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।