চবি প্রতিবেদক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। বুধবার (৬ মে) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত।
এর আগে মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি তার অব্যাহতির আবেদনপত্র জমা দেন।
ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন মুঠোফোনে জানান, তিনি ছাত্র ও শিক্ষক মহলের রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছেন। হলের উন্নয়নমূলক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় শিক্ষার্থীদের একটি অংশের বাধার মুখে পড়ছেন তিনি। এছাড়া, ওই অংশটি উপাচার্যের কাছে ‘প্রভোস্ট তাসলিম উদ্দিন হলে আসেন না’—এমন মিথ্যা অভিযোগও দিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে, অব্যাহতির আবেদনপত্রে মোহাম্মদ তাসলিম উদ্দিন উল্লেখ করেছেন, পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ।
ড. তাসলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দুই বছর মেয়াদে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর ২০২৬।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘তাসলিম উদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন, তিনি একজন একাডেমিশিয়ান মানুষ—হল প্রভোস্টের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কথা বলেই তিনি অব্যাহতি নিয়েছেন। রাজনৈতিক চাপের বিষয়ে তিনি আমাকে কিছু বলেননি।

















































