নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
সোমবার (১ জুন) তিনি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তৃতীয় তলার বোর্ডরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমকে বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে বরণ করে নেওয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমের দায়িত্বকালীন অবদানের প্রশংসা করেন এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একই সঙ্গে একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম ওয়াসাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


















































