শৈল-সৈকত ও দেশগ্রাম

সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: জেলা প্রশাসক 

নিজস্ব প্রতিবেদক >>

শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য পরিবার ও সমাজের সর্বস্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

---------

মঙ্গলবার (২৫ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ স্লোগানে উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, মাদকের বিস্তার সমাজব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এখনই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো সন্তান যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মাদক সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে কখনো কখনো খুন, চুরি বা ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়তে পারেন। তাই সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে মাদকের বিস্তার রোধ জরুরি।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু প্রশাসনিক অভিযান দিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়; সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে শুধু ভালো ফলাফল বা সনদের জন্য নয়, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের সামনে আদর্শ হিসেবে নিজেদের তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বড় আয়োজন, সাউন্ডবক্স বা প্যান্ডেল করে কোনো এলাকাকে মাদকমুক্ত করা যাবে না। একটি এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী না থাকাই হবে প্রকৃত সাফল্য। সমাজকে নিরাপদ ও মানবিক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম, ভাটেরখীল উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এজহারুল ইসলাম, সমাজসেবক মো. শহিদুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ সাকিল।

এর আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সামাজিক অনুদান, হুইলচেয়ার, গাছের চারা, শিক্ষা ও ক্রীড়াসামগ্রী এবং স্বাস্থ্যকেন্দ্রের উপকরণ বিতরণ করা হয়।

সফরের অংশ হিসেবে তিনি সীতাকুণ্ড মডেল থানা, অস্ত্রাগার ও উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।