সুপ্রভাত ডেস্ক »
ট্টগ্রামে টানা ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে পতেঙ্গা এলাকায় আউটার রিং রোডের একাংশ ধসে পড়েছে। এ কারণে সড়কটির এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। তবে অন্য পাশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৬ জুলাই) রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ট্রাফিক পুলিশ বক্সসংলগ্ন অংশে এ ধসের ঘটনা ঘটে।
এই সড়কটি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রাক এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরমুখী যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ফলে দ্রুত সংস্কার কাজ শেষ না হলে বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বিমানবন্দরগামী যান চলাচলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
উড়ালসড়ক নির্মাণের জন্য ওই বাইপাস সড়কটি তৈরি করা হয়েছিল। ভারী বৃষ্টিতে গতকাল রাতে সড়কটি ভেঙে যায়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল জানান, পতেঙ্গায় আউটার রিং রোডের সঙ্গে একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য একটি বাইপাস সড়ক করা হয়েছিল। সেটি ভেঙে গেছে। তবে এখন মেরামতের কাজ শেষ পর্যায়ে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা মেরামতের কাজ শুরু করেছেন।
এদিকে টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, কুয়াইশ, মুরাদপুর, বহদ্দারহাট ও কাপাসগোলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।



















































