সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোটসহ আটক ছিলেন। তারা বোটসহ দেশে ফিরেছেন।
রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৪টি ফিশিং বোর্ড ও ৯১ জেলেকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরপর সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ভারতে আটক থাকা অধিকাংশ জেলেদের বাড়ি চট্রগ্রাম অঞ্চলে।
বিসিজিএস কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আটক হওয়ার পর এসব জেলেরা ভারতের কারাগারে বন্দী থাকেন।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলে ও ট্রলারগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়।
এ দিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন ভারতের জেলে মুক্তি পাওয়া জেলেরা।

















































