এ মুহূর্তের সংবাদ

বিনিয়োগবান্ধব বাজেট শেয়ারবাজারে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে : বিএমবিএ

সুপ্রভাত ডেস্ক »

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রহণ করা পদক্ষেপগুলো শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

-advertise-

এই বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী আখ্যা দিয়ে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সংগঠনটি।

বুধবার (১ জুলাই) বিএমবিএর সেক্রেটারি জেনারেল সুমিত পোদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই দূরদর্শী উদ্যোগগুলো শেয়ারবাজারে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

বাজেটে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে প্রদত্ত কর সুবিধা, লভ্যাংশ সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয় করা হয়েছে। এই সব ইতিবাচক পদক্ষেপের জন্য বিএমবিএ সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিএমবিএ আরও জানায়, ভবিষ্যতেও শেয়ারবাজারের আধুনিকায়ন, একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো বাস্তবায়নে তারা সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।