এ মুহূর্তের সংবাদ

বাঁশেরকেল্লা পেজের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

ফেসবুকে আপত্তিকর পোস্ট

নিজস্ব প্রতিবেদক »

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা করেছেন মোহাম্মদ আজিজুর রহমান। তিনি সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

-advertise-

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong) নামে একটি পেজকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর মন্তব্যের অভিযোগে চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমি।

মামলার অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে ফেসবুকে তার সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট দেখতে পান। বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম নামে একটি পেজ থেকে করা ওই পোস্টে তার বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আজিজুর রহমান ফেসবুকে নিজের আইডিতে প্রতিবাদ জানান। এতেও কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন।

আজিজুর রহমানের অভিযোগ, ফেসবুকে করা বিভিন্ন মন্তব্যে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি করেছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ কারণে আদালতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।