সুপ্রভাত বিনোদন ডেস্ক »
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেপ্টেম্বরে বসবে এর ৮৩তম আসর। আর এই আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেনের ছবিটি লড়বে উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ বিভাগে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই মিলল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম। এই বিভাগে আরো ১৮টি ছবি নির্বাচিত হয়েছে। এখান থেকে বাছাই করে সেরা ছবি খুঁজে নেবেন জুরি সদস্যরা।
ঐতিহাসিক এ অর্জনের খবরে ভীষণ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’
বাঁধন জানান, তিনি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এই ‘ঐতিহাসিক’ জার্নির অংশ হতে পেরে গর্বিত ও সম্মানিত তিনি।
এদিকে নির্মাতা রুবাইয়াত গণমাধ্যমকে জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস উৎসবে পাঠানোর কিছুদিন পরই তিনি খবর পান, আয়োজকরা ছবিটি পছন্দ করেছেন। ফলে নির্বাচনের আভাস পাচ্ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলেন, হরাইজনস বিভাগে লড়বে তার ছবি।
উল্লেখ্য, ভেনিসের ‘হরাইজন’ বিভাগটি মূলত নবীন ও নতুন ধারার নির্মাতাদের জন্য।
যারা চলচ্চিত্রে নতুন চিন্তা, ভাষা ও গল্প তুলে ধরেন, তাদের ছবিই এখানে জায়গা পায়। সেদিক থেকেও রুবাইয়াতের এ পদচিহ্ন বিশেষ গুরুত্ব বহন করছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে ছবিতে আছেন জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী প্রমুখ।

















































