এ মুহূর্তের সংবাদ

পাহাড় ও সমুদ্র উপকূল থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে ভেসে এসেছিলেন এবং অন্যজনকে মিরসরাইয়ের একটি পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ও রাতে পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে মিরসরাই থানা-পুলিশ ও কুমিরা নৌ পুলিশ।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার সমুদ্র উপকূলে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি নৌ পুলিশকে জানালে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরনে কালো রঙের টি-শার্ট ও মেরুন রঙের ট্রাউজার ছিল। মরদেহটি বেশ কয়েক দিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে এবং ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি আনুমানিক ৭ থেকে ৮ দিন আগের। পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিন রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার সোনাইছড়ি পাহাড়ের চূড়া থেকে আনুমানিক ৮০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পাহাড়ের ওপরে বিবস্ত্র অবস্থায় এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাতে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।