ক্যাম্পাস

চবি রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চবি প্রতিনিধি >>

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১২টায় চবি জিমনেশিয়াম প্রাঙ্গণে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে আয়োজিত ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

---------

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট চবির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

বৃক্ষরোপণ শেষে উপাচার্য বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত বনাঞ্চল থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, রোভার স্কাউটের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে নেওয়া উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমে সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউটের সম্পাদক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক রুহুল আমিন খান, রোভার স্কাউট লিডার (আরএসএল) এস. এম. নঈম উদ্দীন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান ও শরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষক নুসরাত জাহান তৃনা, সিনিয়র রোভার মেট শহিদুল ইসলাম সামি, পার্থিব বড়ুয়া ও ইসরাত জাহান ইপ্তিসহ রোভার সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির মোট ২০০টি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।