সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুসহ (৩৫) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্য আসামি হলেন মো. জুয়েল রানা (৩৬)।
শনিবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দ্বীপের তাহের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় এলজি, ৪টি কার্তুজ, ১টি ছেনি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানে এ পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯টি মামলা দায়ের করে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশ এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব ঘটনায় ১৫২টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়ের হওয়া ৫টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।



















































