এ মুহূর্তের সংবাদ

ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সাতদিনের বিশেষ সুযোগ

সুপ্রভাত ডেস্ক »

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে যেসব গ্রাহক তাদের মেয়াদী আমানত তুলে নিয়েছিলেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ব্যাংকটি। আগামী সাতদিনের মধ্যে এসব আমানত আবার ব্যাংকে ফিরিয়ে আনা হলে যাবতীয় খরচ মওকুফসহ আগের সব সুবিধা পুনর্বহাল করা হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার শরীয়াহ ভিত্তিক এ ব্যাংকটির জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে গ্রাহকদের একটি অংশ আন্দোলন করেন। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাদের মেয়াদী আমানত ব্যাংক থেকে তুলে নেনে। এতে ব্যাংকের তারল্যেও সংকট দেখা দেয়। তবে এরই মাঝে ব্যাংকটির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সবার নিয়োগ বাতিল করার পর ব্যাংকটিতে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

ইসলামী ব্যাংকের সার্কুলারে বলা হয়, গত ১-১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের কষ্টার্জিত জমানো টাকা প্রি-ম্যাচিউরড (মেয়াদ পূর্তির আগে) অবস্থায় নগদায়ন বা বন্ধ করে ফেলেছেন, তাদেরকে এ বিশেষ সুযোগ দেয়া হবে। আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে এসব গ্রাহক পুনরায় তাদের হিসাব চালু করার জন্য আবেদন করতে পারবেন। আবেদন সাপেক্ষে উক্ত হিসাবগুলোকে চলমান বিবেচনা করে আগের মতো সর্বোচ্চ ব্যাংকিং সুবিধা ও মুনাফা প্রদান করা হবে। এছাড়া হিসাব সচল করার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের খরচ মওকুফ করা হবে।