সুপ্রভাত ডেস্ক »
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় ৮ দিন ধরে আটকে থাকা চার পর্যটক ও একজন স্থানীয় গাইডকে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (১২ জুলাই) সকালে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে গতকাল শনিবার তাদের উদ্ধার করে সন্ধ্যার দিকে সদরে নিয়ে আসা হয়।
জানা যায়, গত ৪ জুলাই তারা আমিয়াখুম ও বেলাখুম ভ্রমণে গিয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলা তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডে থুইসা খিয়াং পাড়ায় আটকা পড়েন। আটকে থাকা অবস্থায় ওই গ্রামের এক বাসিন্দা মানবিক কারণে বিনামূল্যে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধীন জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। গতকাল শনিবার সকালে বিজিবির একটি টহল দল দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধার করে প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে সেখান থেকে উপজেলা প্রশাসন তাদের নিরাপদে থানচি সদরে পৌঁছে দেয়।
এর আগে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলার নাইদেরী পাড়া সংলগ্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গতকাল পাহাড়ধসে থানচি-বান্দরবান সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের একমাত্র সড়ক যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।গতকাল উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মোট ৮৬টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, টানা বর্ষণ ও বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে আশ্রয়কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে।

















































