এ মুহূর্তের সংবাদ

শনিবার চালু হতে পারে ডিএপি কারখানা

সুপ্রভাত ডেস্ক »

অ্যামোনিয়া সংকট কাটিয়ে শনিবার থেকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল বলেন, ‘কাফকো উৎপাদনে ফেরায় আমরা আবার অ্যামোনিয়া পাচ্ছি। কিছুদিন মজুত করার পর শনিবার থেকে কারখানায় উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।’

ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি শুরু থেকেই পাশের দুটি বড় সার কারখানা, সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। তবে দুটি কারখানাই বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও বন্ধ করতে হয়।

কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদন শুরু হয়েছে। এখন প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে।

কাফকো সূত্র জানায়, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ মার্চ বিকেল থেকে কারখানাটির উৎপাদন স্থগিত ছিল। পরে ১ মে গ্যাস সরবরাহ চালু হলে প্রস্তুতি শেষে ২ মে বিকেল থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।

প্রসঙ্গত, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে। কাফকোর উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানাতেও উৎপাদন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।