এ মুহূর্তের সংবাদ

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সুপ্রভাত ডেস্ক »

‎রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হলে শুকনোছড়া ‎এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত হেগেরা চাকমার ওপর হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

‎সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দুটি পক্ষেরই তৎপরতা রয়েছে।