এ মুহূর্তের সংবাদ

রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে যুবকের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামের এক যুবক খুন হয়েছেন।

-advertise-

নিহত আবদুল মন্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে। অভিযুক্ত শাহজাহান একই এলাকার সালেহ আহমদের ছেলে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো-জেঠাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে আবদুল মন্নানের সঙ্গে তার জেঠাতো ভাই শাহজাহানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান প্রকাশ্যেই গাছের টুকরো দিয়ে আবদুল মন্নানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আবদুল মন্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কয়েকদিন আগের মারামারিতে আহত ওই যুবকের মৃত্যুর খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা পুলিশ লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজানের হলদিয়া ইউনিয়নে এটিই প্রথম খুনের ঘটনা নয়। এর আগে, গত বছরের ১ এপ্রিল হলদিয়া ইউনিয়নের তীতা গাজীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ভাইয়ের হাতে খুন হয়েছিলেন প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল। একই বছরের ১৫ মার্চ রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত হন কমর উদ্দিন জিতু নামের এক যুবদলকর্মী। সব মিলিয়ে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেবল হলদিয়া ইউনিয়নেই তিনজন খুনের শিকার হলেন।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত রাউজান উপজেলায় অন্তত ২৮ জন খুনের শিকার হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ হত্যাকাণ্ডই ঘটেছে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এরমধ্যে ১৮টি রাজনৈতিক হত্যাকাণ্ড ছাড়া বাকি খুনের ঘটনাগুলো ঘটেছে পারিবারিক, সামাজিক ও অভ্যন্তরীণ নানা বিরোধের জেরে।