এ মুহূর্তের সংবাদ

পরিসংখ্যানের আলোয় মরক্কো-ফ্রান্স ‘অসম’ লড়াই

সুপ্রভাত ডেস্ক »

দুই দলের সবশেষ দেখার পর কেটে গেছে ১৫ বছর। কাতার বিশ্বকাপ দিয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। বিশ্ব সেরার মঞ্চে প্রথমবার সাক্ষাৎ হবে দল দুটির। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বুধবার রাতে মাঠে নামবে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু শিরোপাধারী ও প্রথমবার শেষ চারে ওঠা দলের লড়াই। খবর বিডিনিউজের।

-advertise-

মরক্কোর বিপক্ষে অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার। সেমি-ফাইনালের ম্যাচটির আগে দুই দলের আরও কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

* কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন কিলিয়ান এমবাপে। ছাড়িয়ে গেছেন ২০১৮ আসরে ফ্রান্সের শিরোপা জয়ের পথে করা নিজের ৪ গোল। বিশ্বকাপে ১২ ম্যাচ খেলা ২৩ বছর বয়সী এমবাপের এখন গোল মোট ৯টি।

* মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে। এবার তারা ছাড়িয়ে গেছে আগের সব সাফল্য। আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

* কোনো দলকে নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগি। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি।

* ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এ নিয়ে বিশ্ব সেরার মঞ্চে ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।

* ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমি-ফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে।

* টানা দুইবার বিশ্বকাপ জেতা দল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।

* মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি। আসরে তারা একমাত্র গোল হজম করেছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে; আত্মঘাতী গোলটি করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।

* বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের
বিপক্ষে খেলেছে; প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।

* অফিসিয়াল ম্যাচে মরক্কোর বিপক্ষে একবারও হারেনি ফ্রান্স। দুই দলের সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

* ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো।