বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

নবাগত শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী সমারম্ভ প্রোগ্রাম শুরু রবিবার  

সিভাসু’তে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে সপ্তাহব্যাপী সমারম্ভ প্রোগ্রাম। আাগামী ১৯ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টা থেকে একযোগে শুরু হবে বিভিন্ন অনুষদের এই সমারম্ভ প্রোগ্রাম।

-advertise-

১৯ ও ২০ জুলাই ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পৃথক পৃথক অনুষদীয় সমারম্ভ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে নবাগত শিক্ষার্থীদের ল্যাব রোটেশন। এছাড়া, শিক্ষার্থীরা উক্ত ক্যাম্পাসে ডেইরি, পোল্ট্রি ও ফিশ ফার্ম এবং ফুড সেইফটি ইনস্টিটিউট ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করবে।

২১ জুলাই সকাল ১০টায় নবাগত শিক্ষার্থীদের পরীক্ষার বিধি-বিধান, প্রক্টরিয়াল রুলস, ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রম, আবাসিক হল বিধি-বিধান, স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, প্রশাসনিক কার্যক্রম, লাইব্রেরি রুলস ইত্যাদি বিষয়ে অবহিত করা হবে। এছাড়া, ওয়ান হেলথ বিষয়ক একটি এবং ব্যক্তিগত বৃদ্ধি ও বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু: ‘শুরুতেই জিতো-৫ বছর প্রস্তুতি, ৫০ বছর গর্ব’ বিষয়ক দুটি মোটিভেশনাল স্পিচ প্রদান করা হবে।

২২ জুলাইয়ের কর্মসূচির মধ্যে রয়েছে-চট্টগ্রামের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান পরিদর্শন এবং ২৩ জুলাই সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ল্যাব রোটেশন, সেবা প্রদানকারী দপ্তর (এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার) পরিদর্শন, ব্যাংক হিসাব খোলা, আইসিটি সেল-এর মাধ্যমে ই-মেইল আইডি তৈরি এবং ব্লাড গ্রুপিং।

২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাঈদ আল নোমান, এমপি। সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

২৬ জুলাই রবিবার থেকে সকল অনুষদের রুটিন অনুসারে ক্লাস শুরু হবে। উল্লেখ্য, এবার বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে মোট ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।