শৈল-সৈকত ও দেশগ্রাম

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

উখিয়া (কক্সবাজার) >>

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্তিতে দ্রুত তাঁদের নিজ দেশে প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে বসবাসরত পুরোনো রোহিঙ্গাদের তালিকা তৈরি এবং রোহিঙ্গাদের সহায়তাকারী সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

---------

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং চত্বরে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের প্রত্যাবাসন না হওয়ায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছে। তাঁদের অভিযোগ, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বক্তারা আরও বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশের ওপর চাপ তৈরি হয়েছে। মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে রোহিঙ্গাদের একটি অংশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কক্সবাজারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পর্যটনশিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তাঁরা দাবি করেন।

সমাবেশে বক্তারা কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে বসবাসরত পুরোনো রোহিঙ্গাদের তালিকা তৈরির দাবি জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন সরকারি নথি তৈরিতে যারা সহযোগিতা করেছেন, তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চলতি বছরের মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে। তা সম্ভব না হলে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় তাঁদের অন্য কোনো দেশে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর পিএফজির সমন্বয়ক মাহাবুর রহমান। বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ, জেলা ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এনজিও কর্মকর্তা ও মানবাধিকারকর্মী মিজানুর রহমান বাহাদুর, বিএনজি নেতা মনজুর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাবের, সাবেক বন কর্মকর্তা আবু শামা, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন ও ছাত্রনেতা মোহাম্মদ আবদুল্লাহ।

মানববন্ধনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।