সুপ্রভাত ডেস্ক »
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক অঞ্চলে অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ।
গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্ন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেমব্রিজ।
কেমব্রিজ কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলগুলোর হতাশা ও উদ্বেগ তারা বুঝতে পারছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয় এবং ন্যায্য মূল্যায়নের জন্য তারা কেমব্রিজের ওপর আস্থা রাখে। সেই আস্থা অটুট রাখতে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। আগামী ১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র নেওয়া ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন সিরিজ থেকে প্রত্যাহার ও নভেম্বর সিরিজে নিবন্ধনসংক্রান্ত তথ্যও জানানো হবে।
কেমব্রিজ জানিয়েছে, পুনঃপরীক্ষা হলেও ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কেমব্রিজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
কেমব্রিজের তথ্যমতে, এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এ ছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই ব্যবস্থা কার্যকর হবে।


















































