মহানগর

ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরীর ৭ ও ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

কর্মসূচির আওতায় বুধবার (০৯ সেপ্টেম্বর) ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন স্থাপনা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

---------

এ সময় স্থানীয় বাসিন্দাদের মশার প্রজননস্থল সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহেরসহ চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

চসিক কর্মকর্তারা জানান, নগরীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের সচেতন করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মকর্তারা বলেন, মশক নিধন কার্যক্রমকে কার্যকর করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে টেকসই সাফল্য অর্জন সম্ভব।