সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
এ সময় তিনি জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় আলীনগরে আয়োজিত এক পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলাবিষয়ক তথ্য জানা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখ) জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল আহমেদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

















































