চবি প্রতিনিধি >>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসনে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
চুক্তি অনুযায়ী, দেওয়া ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের জন্য, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
এর আগে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, পূর্বে ৬টি বাস দেওয়ার বিষয়ে আলোচনা হলেও নতুন করে আরও ৪টি বাস যুক্ত করে মোট ১০টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাসগুলো চালু হলে যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনের এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব আখ্যায়িত করে ধন্যবাদ জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
























































