সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১,১০০ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড–সিআর টেনকে ২০২৬’। শুক্রবার (৫ জুন) নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিপাদ্য ‘রান দ্য সিটি’। প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার (৩ জুন) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান চট্টলা রানারসের সহপ্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে চট্টলা রানারস। চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি এলাকাকে ঘিরেই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবেন। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মুজিবুর রহমান মনি বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হবে। ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে দীর্ঘদিন ধরে রানিং সংস্কৃতি গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সিআর টেনকে এখন দেশের অন্যতম পরিচিত দৌড় প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দেশ-বিদেশের প্রায় ১,১০০ রানারের অংশগ্রহণ আমাদের জন্য বড় অর্জন।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে দৌড় শুরু হবে এবং সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। পরে সকাল ৮টা ৫ মিনিট থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, ‘কেবল প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও সিআরবি এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।’
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে স্যাম বন্ড (সামুদা স্পেক-কেম লিমিটেড)। স্বাস্থ্যসেবা ও হাইড্রেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম। এ ছাড়া আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে সাভয় আইসক্রিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন- ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ান, মো. মাসুদ আলম, মোহাম্মদ সালাহ উদ্দিন, বিকাশ কান্তি দাস, ইমতিয়াজ ইবনে ইমাম, রাম প্রসাদ সুশীল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন– বিকাশ কান্তি দাস, রাম প্রসাদ সুশীল, এভারকেয়ার হাসপাতালের প্রতিনিধি রঞ্জন কুমার দাস, বাবর আলী এবং চট্টলা রানারসের উপদেষ্টা রাজীব ঘোষ, ইনামুল হক ও কাজী আরিফুল ইসলাম।


















































