শৈল-সৈকত ও দেশগ্রাম

গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সাবেক ইউপি সদস্য

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

---------

রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন আব্দুল খালেক। ভোরে বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।