এ মুহূর্তের সংবাদ

আনোয়ারার উপকূলে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে

-advertise-

শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পরুয়াপাড়ার সাত্তার মাঝির ঘাট এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলেরা ও স্থানীয় কিছু লোকজন হাঁটাহাঁটির এক পর্যায়ে উপকূলের বাঁধের ব্লকের মাঝে মরদেহটি আটকে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার মানুষ সেখানে ভিড় করেন। মরদেহটির পরনে কালো রঙের একটি ফুল হাতা টি-শার্ট রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহটি বাঁধের ব্লকের মাঝে আটকে ছিল। জোয়ারের পানিতে ভেসে এসে এটি এখানে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে আনোয়ারা থানা পুলিশকে অবহিত করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।