সাতকানিয়া প্রতিনিধি »
তকানিয়া:চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সাতকানিয়া উপজেলার চরতি, আমিলাইষ, কাঞ্চনা, এওঁচিয়া, কেঁওচিয়া, লোহাগাড়া উপজেলার পদুয়া ও আমিরাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসাইন জানান, সাতকানিয়া-লোহাগাড়া এলাকার মোট ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে।
প্রথমে চরতি ইউনিয়নের তালগাঁও মহিলা মাদ্রাসার কনফারেন্স কক্ষে আমিলাইষ ও চরতি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে জোটপুকুরিয়া বাজার এলাকায় কাঞ্চনা ও এওঁচিয়া ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এবং পর্যায়ক্রমে পৌরসভা, কেঁওচিয়া, লোহাগাড়া উপজেলার পদুয়া ও আমিরাবাদ ইউনিয়নের বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রশিদ জাহের, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. আখতার সাঈদ, অধ্যাপক ড. সাহাব উদ্দীন, ড. মুহাম্মদ আবুল কালাম, ড. সাবের আহমদ এবং মাহফুজুর রহমান।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইন ও সহকারী সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, পৌরসভা জামায়াতের আমির হামিদ উদ্দিন আজাদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা আবু তাহেরসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।

















































