সাতকানিয়া প্রতিনিধি »
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করে পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
সোমবার (১৩ জুলাই) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলবির দোকান সংলগ্ন ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার করা এবং তাদের কাছে দ্রুত ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। তিনি বলেন, “পানি যখন নেমে যাবে, তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করবে। এ মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ অ্যান্ড রেসকিউ। দুর্গতদের উদ্ধার করতে চাই এবং তাদের কাছে খাবার পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন, “যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এছাড়া যাদের কৃষিজমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও সহায়তা দেওয়া হবে, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।”
বন্যার এই দুর্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংকটের এই সময়ে মানবিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও জানান, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইশ্বর বাবুর হাট, বাজালিয়া কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম কলেজ মাঠ ও কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ভানবাসি বন্যার্তদের মাঝে মোট ১৫ শত প্যাকেট খাদ্য সামগ্রীসহ চট্টগ্রাম -১৪ আসনের সাতকানিয়া অংশের ইউনিয়নগুলোতে ৫শত প্যাকেট করে খাদ্য সামগ্রী বিতরণ করে স্থানীয় সাংসদ জসিম উদদীন চৌধুরী।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ, এসপি মোঃ মাসুদ আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















































