বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক »

গত ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্থার ঘটনায় সম্পাদক পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

---------

বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে তদন্তের কথা বলা হলেও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোন গ্রহণযোগ্যতা থাকতে পারে না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিবৃতিতে সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।