সুপ্রভাত ডেস্ক »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হলে শুকনোছড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত হেগেরা চাকমার ওপর হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দুটি পক্ষেরই তৎপরতা রয়েছে।


















































