এ মুহূর্তের সংবাদ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভা কাল

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ।

-advertise-

আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে, অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা।এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে এমন নতুন আইন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। আগামীতে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধিচর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মনে করে সম্পাদক পরিষদ।

উল্লেখ্য, প্রতিবছর ৩ মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি (Freedom of expression as a driver for all other human rights)।