সুপ্রভাত ডেস্ক »
সরকারি ব্যয় কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকনোমি ক্লাসে ভ্রমণ করতে হবে।
জারি করা নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত নির্দেশনার অনুচ্ছেদ ২১(খ)-এ যা-ই থাকুক না কেন, নতুন এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তা যাদের মধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত বিদেশ সফরে ইকনোমি ক্লাসেই ভ্রমণ করবেন
সরকারি ব্যয়ের ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে। এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

















































