নিজস্ব প্রতিবেদক »
বিক্রয় কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে আয়োজিত ‘সেলস সামিট-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিবেশক, বিক্রয়কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিক্রয় কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা পরিবেশক ও বিক্রয়কর্মীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য নির্বাচিত ব্যক্তিদের এ স্বীকৃতি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ আরেফিন আলম বলেন, উন্নত সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করা হবে। একই সঙ্গে দেশের আরও বেশি মানুষের কাছে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এস এ গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বিক্রয় কৌশল এবং বাজার সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, বিক্রয় দলের কর্মদক্ষতা বৃদ্ধি ও তাদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















































