এ মুহূর্তের সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইউসিটিসির স্প্রিং ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন

সুপ্রভাত ডেস্ক »

বর্নিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)।

শুক্রবার (০৮ মে) নগরীর চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাব লিমিটেড মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবাগতদের। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউসিটিসি তার আধুনিক পাঠদান পদ্ধতি ও গবেষণার মাধ্যমে এই অঞ্চলের উচ্চশিক্ষায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে নবীনদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ এবং পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু শাদাত মুহাম্মদ সায়েম। এছাড়াও ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ নবীউল আলম, নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে আজাদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বক্তব্য রাখেন।

ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে নেহের ও কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আজিজের সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের সুদূরপ্রসারী ভিশন ও সৃজনশীল শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ ভাগে ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ।