সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)। পরে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী নামের ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। দুবাই থেকে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে দেহ তল্লাশি চালিয়ে তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যৌথ অভিযান শেষে জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















































