সুপ্রভাত ডেস্ক »
ভারতের নয়াদিল্লিতে ‘ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে গিয়ে ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদে সম্মেলন বয়কট করে সোমবার (১৫ জুন) দেশে ফিরে এসেছেন তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান। নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে তার ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি ভিআইপি গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। এ সময় বিমানবন্দরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অবস্থান করলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
এর আগে, আইওআরএ সম্মেলনে অংশ নিতে গত রোববার (১৪ জুন) ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সেখানে পৌঁছানোর পর আয়োজক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সম্মেলন বর্জন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।


















































