রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আমিরুল হক।
সোমবার (২৫ মে) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচনে সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পর বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো সমালোচনা থাকলে তা প্রকাশ্যে না এনে সরাসরি তাকে জানাতে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবার কাছে থাকবে। আপনারা ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন।
চট্টগ্রামের শিল্পখাতের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন নবনির্বাচিত সভাপতি। তিনি জানান, একসময় চট্টগ্রামে ৬৫০টি গার্মেন্টস কারখানা থাকলেও বর্তমানে তা কমে ২৫০টিতে নেমে এসেছে। শিপ ব্রেকিং শিল্প পরিবেশগত অজুহাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে অর্থনীতি চলবে কীভাবে?
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে আমিরুল হক বলেন, আমার দর্শন হলো, একজন ব্যবসায়ীর রাজনীতিতে যাওয়া উচিত নয়। তবে চেম্বারে এসে সবাইকে এক পরিচয়ের বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এখানে আসার পর সবাই এই চেম্বারের মানুষ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।
এরপর চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরী বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় চেম্বারের নবনির্বাচিত পরিচালকগণ উপস্থিত ছিলেন।


















































