এ মুহূর্তের সংবাদ

গণ-অভ্যুত্থানকালের ৩৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে

সুপ্রভাত ডেস্ক »

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে অদ্যাবধি ৩৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৩টি এবং অন্যান্য ধারায় মামলা ২১টি।

-advertise-

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।=

পুলিশ সদরদপ্তর জানায়, চার্জশিট হওয়া ১৩টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার, পিবিআই এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ২১টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের।

আরও জানায়, হত্যা মামলার মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৭৭৭ জন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাগুলো তদারকি করছেন।

রুজু করা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।