সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জুবায়ের (৩৪) ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের মেইন ব্লক-সি এলাকার বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী জুবায়েরকে তার বসতঘর থেকে বের করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৪ এপিবিএন জানায়, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে জুবায়েরকে লক্ষ্য করে সংঘবদ্ধ সন্ত্রাসীরা আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, কথিত আরসা ও আরএসওর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে নিহত জুবায়েরের উপস্থিতিকেও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার সজল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে নিহত ব্যক্তি কথিত আরসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।















































