সুপ্রভাত ডেস্ক »
টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ইউনিটগুলো চালু হওয়ার পর বর্তমানে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়েছে।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে কেন্দ্রটি থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কেন্দ্রটির কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট (মিন সি লেভেল) যেখানে রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির উচ্চতা থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট।
জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হ্রদে পানির স্বল্পতার কারণে কখনো একটি, কখনো দুটি ইউনিট চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। সোমবার তিনটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সকালে চারটি ইউনিট সচল হওয়ার পর সন্ধ্যা থেকে পাঁচটি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হয়েছে।




















































