এ মুহূর্তের সংবাদ

শিশু যৌন নিপীড়নের অভিযোগে কক্সবাজারে গ্রেপ্তার ১

সুপ্রভাত ডেস্ক »

কক্সবাজার সদরে আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুরুল আফসার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে

-advertise-

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার রিং রোড এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তাদের এলাকার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

আনোয়ার সাত্তার জানান, অভিযোগ অনুযায়ী নুরুল আফসার নামে এক ব্যক্তি শিশুটিকে দোকান থেকে পান আনতে পাঠান। পরে শিশুটি পান নিয়ে তার বাসায় গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবেশী ও শিশুটির বাবা-মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে বিষয়টি কক্সবাজার সদর থানাকে জানানো হয়। পরে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে নুরুল আফসারকে গ্রেফতার করে।

৯৯৯-এর এই কর্মকর্তা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।