বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
মহানগর

জুয়েলারি ব্যবসায়ীদের প্রণোদনার আশ্বাস

শিক্ষা উপমন্ত্রীর সাথে সাবেক বাজুস নেতা প্রণব সাহার সাক্ষাৎ

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রণব সাহার নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে বিভিন্ন দাবি জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর দুর্যোগকালীন জুয়েলারি সেক্টরে ভয়াবহ পরিস্থিতিতে মানবেতর দিন কাটাচ্ছেন জুয়েলারি ব্যবসায়ীগণ, কর্মচারী ও স্বর্ণশিল্পীরা।
করোনাকালীন চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে চলমান লকডাউনে সকল জুয়েলারি দোকানের সিটি করপোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংসসহ সকল ভ্যাট মওকুফ, রেশন কার্ডের ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বন্ধসহ চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ীদের রক্ষার্থে প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান সাবেক বাজুস নেতা প্রণব সাহা।
সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার যৌক্তিক দাবি পূরণের বিষয়টি বিবেচনা করে পাশে থাকার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি

---------